মিয়ানমারকে সতর্ক করা হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেছেন, তাদের অভ্যন্তরে যাই হোক বাংলাদেশ মাথা খাবে না, কিন্তু বাংলাদেশের যেন কোন ক্ষতি না হয়, গোলাগুলি না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।
রোববার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন: প্রয়োজনে সীমান্তে বাড়তি সৈন্য মোতায়েন করা হবে। বাংলাদেশের সাথে দূরত্ব তৈরি করতে আরাকান আর্মি গোলাগুলি করেছে বলে দাবি করেছে মিয়ানমার। আমরা শান্তিপ্রিয়। দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে শক্ত অবস্থানে থেকেই প্রতিবেশী দেশের সাথে সমস্যা সমাধানের চেষ্টা করছি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মর্টার শেল পড়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।
এর আগে গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের একাধিক গোলা রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এসে পড়ে। এতে মো. ইকবাল নামের একজনের প্রাণ যায়। আহত হয় আশ্রয়শিবিরের পাঁচজন।







