এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অবস্থা পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সীমান্ত এলাকার পরিদর্শন করছিল সেই সময়ে কক্সবাজারের টেকনাফের বনবিভাগের কাজ করতে গিয়ে বনকর্মী-সহ ১৯ জন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
অপহৃতদের মধ্যে ৩ জন বনকর্মী ও অপর ১৬ জন শ্রমিক। তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শেখ এহসান উদ্দিন বলেন, সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে গেলে ১৯জন বনবিভাগের কাজে নিয়োজিত শ্রমিককে সেখান থেকে ডাকাতদলের সদস্যরা অস্ত্রেরমুখে জিম্মি করে তাদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। এঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন।
বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানিয়েছেন, বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে এদের অপহরণ করা হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র্যাবসহ স্থানীয় জনগন পাহাড়ে অভিযান চালাচ্ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছে।
এদিকে, এ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ অংশে পরিদর্শনে ছিলেন।








