উৎক্ষেপণের ১০ মিনিটেই ভেঙে পড়লো মাস্কের স্টারশিপ

আকাশে সূর্য্য ও ধূসর মেঘের মাঝে স্টারশিপের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, যা উৎক্ষেপণের পর ভেঙে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এরপরেই তাতে আগুন লেগে যায়। এ নিয়ে চলতি বছরে দুইবার উৎক্ষেপণের পর ভেঙে পড়লো স্পেসএক্সের রকেট ‘স্টারশিপ’-এর উপরের অংশ।
ডয়চে ভেলে জানিয়েছে, স্টারশিপে আগুন লাগার পর আকাশে অগ্নিদ্বগ্ধ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছুক্ষণ উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
এর দুই মাসও আগে ঠিক একইভাবে আরও একটি স্টারশিপে বিস্ফোরণ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের এটি দ্বিতীয় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সন্ধে সাড়ে ছয়টায় (ভারতে সকাল ছয়টা, বাংলাদেশে সকাল সাড়ে ছয়টা) ৪০৩-ফুটের এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রথমভাগে কোনো সমস্যা হয়নি। বুস্টারটি সফলভাবে রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর দিকে নেমে আসে। মাঝপথে তাকে ধরে ফেলে একটি ক্রেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্টারশিপের বাকি অংশ ঘুরতে থাকে। একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
স্পেসএক্সের লাইভ ইভেন্টে তাদের মুখপত্র ড্যান হুয়ট বলেন, দুর্ভাগ্যবশত একই ঘটনা শেষবারেও ঘটেছিল। আমাদের খানিকটা প্রাকটিস হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, এই দশকের শেষে ইলন মাস্ক মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। স্টারশিপ সেই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ।






