ক্রিকেট

আফগানিস্তান টেস্টে স্পিনে ভরসা মুশতাকের

আফগানিস্তান টেস্টে স্পিনে ভরসা মুশতাকের

আবুধাবি টেস্টে দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। ৪ ‍উইকেটে ২১১ রান তুলেছে তারা। দিন শেষে আফগানিস্তানের চেয়ে এখনও ১৩৫ রানে এগিয়ে বাংলাদেশ। তাই আশা ছাড়ছেন না টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার বিশ্বাস, ম্যাচের পরের দিনগুলোতে পার্থক্য গড়ে দিতে পারেন স্পিনাররা। মনে করছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট থেকে বাড়তি সহায়তা পাবেন স্পিনাররা।

শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে মুশতাক বলেন, ‘আমার মনে হয় স্পিন এখানে বিশাল ভূমিকা রাখতে যাচ্ছে। প্রথম দুই, তিন বা চার দিন-আমার মনে হয় প্রথম তিন দিন পিচ ধীরগতির হতে থাকবে। স্বাভাবিকভাবেই সেখানে স্পিন কিছুটা কম হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এবং এই আবহাওয়ার কারণে পিচে স্পিন বাড়তে শুরু করবে। আশা করি, আমরা এই রান ডিফেন্ড করতে পারব এবং দ্বিতীয় ইনিংসে আরও রান তুলে ওদের চাপে ফেলতে পারব।’

প্রচণ্ড গরমে বোলারদের ফিটনেস ও কর্মক্ষমতা ধরে রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছেন বাংলাদেশের এই কোচ। তার মতে, পর্যাপ্ত পানি ও তরল গ্রহণের পাশাপাশি বোলারদের ছোট ছোট স্পেলে ব্যবহার করার কৌশল নিতে হবে। বিশেষ করে গরমে দীর্ঘ সময় বোলিং করলে ফাস্ট বোলারদের পাশাপাশি আঙুলের ওপর নির্ভরশীল স্পিনারদেরও ক্লান্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে।

বলেছেন, ‘আমাদের পুষ্টিবিদরা রয়েছেন। খেলোয়াড়দের দেখভালের জন্য চমৎকার একটি দল আছে। আমার মতে, পানি বা তরল গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশ্যই ছোট ছোট স্পেলে বোলিং করাতে হবে। অনেক সময় এই গরম আবহাওয়ায় বল করতে গিয়ে আঙুলগুলো খুব ক্লান্ত হয়ে পড়ে। তাই একজন অধিনায়ক ও কোচ হিসেবে আমাদের এমন কৌশল তৈরি করতে হবে, যাতে লম্বা স্পেলের বদলে ছোট ছোট স্পেলে বোলিং করানো যায়।’

দুই উইকেট পেলেও পেসার ইবাদত হোসেন কেবল ১১ ওভার বল করেছেন। কেনো তাকে আরও বেশি বল করানো হয়নি সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল মুশতাকের কাছে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি মুশতাক।

বলেছেন, ‘আমি জানি না। আমার মনে হয়, হয়তো সে ম্যাচ খেলার বা যথেষ্ট ওভার বোলিং করার মতো পর্যাপ্ত প্রস্তুতিতে ছিল না। অথবা হয়তো সে পুরোপুরি ফিট ছিল না। এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে আমার ধারণা, তাকে পর্যাপ্ত বোলিং করানো হয়নি। এই গরম আবহাওয়ায় পর্যাপ্ত বোলিং না করলে একজন ফাস্ট বোলারের জন্য পাঁচ দিনের টেস্ট ম্যাচ চালিয়ে যাওয়া খুব কঠিন। তাই ব্যক্তিগতভাবে আমার মনে হয়, সে মূলত অপ্রস্তুত ছিল এবং পর্যাপ্ত বোলিং করেনি।’

বিষয়:আফগানিস্তান আবুধাবি টেস্ট বাংলাদেশ মুশতাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…