ঢাকায় ক্রিশ্চিয়ান এইডের এশিয়া মাল্টি-কান্ট্রি ক্লাস্টার চালু

ছবি: সংগৃহীত
স্থানীয় সংস্থা ও সংকটাপন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং অর্থায়ন বাড়ানোর লক্ষ্যে নতুন কার্যক্রম পরিচালনা কাঠামো ‘এশিয়া মাল্টি-কান্ট্রি ক্লাস্টার’ (এমসিসি) চালু করেছে আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা সংস্থা ক্রিশ্চিয়ান এইড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর গুলশান-২-এ আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিশ্চিয়ান এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট্রিক ওয়াট বলেন, এশিয়া মাল্টি-কান্ট্রি ক্লাস্টার এমন একটি নতুন কর্মপদ্ধতি, যেখানে স্থানীয় নেতৃত্বনির্ভর উন্নয়নকে সংস্থার কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে।
প্রচলিত ওপর থেকে চাপিয়ে দেওয়া ব্যবস্থাপনা পদ্ধতির পরিবর্তে স্থানীয় অংশীদারদের নিজ নিজ জনগোষ্ঠীর উন্নয়নে নেতৃত্ব দিতে সহায়তা করবে ক্রিশ্চিয়ান এইড। এ ক্ষেত্রে সংস্থাটি সমন্বয়কারী ও সহযোগীর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে ‘গ্র্যান্ড বারগেইন ইন্ডিপেনডেন্ট রিপোর্ট ২০২৩–২০২৬’-এ ক্রিশ্চিয়ান এইডের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মানবিক সহায়তা তহবিলের ৮২ শতাংশ সরাসরি স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংস্থাগুলোকে দেওয়ার মাধ্যমে গ্র্যান্ড বারগেইন চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে ক্রিশ্চিয়ান এইড। এই হার গ্র্যান্ড বারগেইনের নির্ধারিত বৈশ্বিক লক্ষ্যমাত্রা ২৫ শতাংশের চেয়ে অনেক বেশি।

নিজস্ব ‘সারভাইভার অ্যান্ড কমিউনিটি-লেড রেসপন্স’ (এসসিএলআর) পদ্ধতির মাধ্যমে ক্রিশ্চিয়ান এইড স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে শুধু পরামর্শের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখছে না। বরং স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীগুলোকে নিজেদের পুনরুদ্ধার প্রকল্প পরিকল্পনা ও পরিচালনার সুযোগ দিচ্ছে।
পাশাপাশি স্থানীয় অংশীদারদের পরোক্ষ পরিচালন ব্যয়ের ন্যায্য প্রতিপূরণ নিশ্চিত করা, দুর্যোগের সময় দ্রুত জরুরি তহবিল ছাড় এবং প্রাতিষ্ঠানিক যাচাই-বাছাই প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে সংস্থাটি।
অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় অংশীদার সংস্থা এফআইভিডিবির বজলে মোস্তফা রাজী, সিসিডিবির জুলিয়েট কেয়া মালাকার এবং কর্মজীবী নারীর সানজিদা সুলতানা ক্রিশ্চিয়ান এইডের সঙ্গে সমতার ভিত্তিতে অংশীদারত্বের অভিজ্ঞতা তুলে ধরেন।
এ ছাড়া ক্রিশ্চিয়ান এইডের এশিয়া এমসিসি দলের হেড অব ইমপ্যাক্ট ডাউয়ে ডাইকস্ট্রা, পার্টনারশিপ অ্যান্ড স্ট্র্যাটেজি লিড নুজহাত জাবিন, অপারেশনস লিড আজহার আলী এবং বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড পার্টনারশিপ লিড প্রিন্স বাড়ৈ বক্তব্য দেন।
নতুন এই কাঠামো এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা সংস্থা ক্রিশ্চিয়ান এইড স্থানীয় নেতৃত্বনির্ভর পরিবর্তনের মাধ্যমে দারিদ্র্য ও অবিচার দূর করতে কাজ করছে। অ্যাক্ট অ্যালায়েন্সের অন্যতম সদস্য হিসেবে সংস্থাটি স্থানীয় অংশীদার ও ধর্মভিত্তিক নেটওয়ার্কের সঙ্গে সহযোগিতার মাধ্যমে একটি ন্যায়সংগত ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে।





