বাংলাদেশ

ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন মুশফিকুল ফজল আনসারী

ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো হলেন মুশফিকুল ফজল আনসারী

ছবি: সংগৃহীত

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্ক’ (এসএএফএন)-এর সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকারকর্মী মুশফিকুল ফজল আনসারী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) এসএএফএনের এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত থিঙ্কট্যাঙ্ক ‘দ্য মিলেনিয়াম প্রজেক্ট’-এর অধীন পরিচালিত এসএএফএন মূলত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, উন্নয়ন, নীতিনির্ধারণ ও কৌশলগত ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে গবেষণা ও সংলাপ পরিচালনা করে থাকে।

প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়, জনসেবা, আন্তর্জাতিক সম্পর্ক ও সাংবাদিকতা পেশায় দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে মুশফিকুল ফজল আনসারীর। ওয়াশিংটনে মার্কিন নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন বৈশ্বিক সংলাপে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এসএএফএনের নীতিবিষয়ক গবেষণাকে আরও সমৃদ্ধ করবে। নতুন এই দায়িত্বে তিনি ওয়াশিংটনে সংস্থাটির আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে গবেষণা ও নীতিবিষয়ক নানা কার্যক্রম সম্প্রসারণে প্রত্যক্ষ ভূমিকা রাখবেন।

এর আগে আনসারী ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’-এর সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আন্তর্জাতিক সাময়িকী ‘সাউথ এশিয়া পারসপেক্টিভস’-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ সময় ধরে তিনি জাতিসংঘ সদর দপ্তর ও যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের স্থায়ী সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে বিশ্বমঞ্চে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং একই সঙ্গে কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হুন্ডুরাসে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক নিরাপত্তা ও নীতি গবেষণা সংস্থা এসএএফএনে বিশ্ববরেণ্য একাধিক ফেলো যুক্ত রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ও নরওয়ের সাবেক পরিবেশমন্ত্রী রাষ্ট্রদূত এরিক সোলহেইম, থাইল্যান্ডের অর্থনীতিবিদ অধ্যাপক ড. ক্রিয়েংসাক চারোয়েনওংসাক, শ্রীলঙ্কার সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল গগন বুলাথসিংহলা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ড. রীনা মারওয়াহ এবং চীনা গবেষক অধ্যাপক ঝৌ ঝাংগুই। সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান।

বিষয়:এসএএফএন দ্য মিলেনিয়াম প্রজেক্ট মুশফিকুল ফজল আনসারী সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্ক সিনিয়র ফেলো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…