নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনের চা-বিরতির আগে ও পরের ধসে চাপে পড়েছে বাংলাদেশ। ৫৩ রানের ব্যবধানে স্বাগতিকরা হারিয়েছে চার উইকেট। সবশেষ মেহেদী হাসান মিরাজ (২০) জেমিসনের শর্ট বলে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। তার আগে ১২ রান করে বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেলের দ্বিতীয় শিকার হন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাউন্ডারির আশায় শট খেলতে গিয়ে কাভারে দাঁড়িয়ে থাকা কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন।
দিনের তৃতীয় সেশনের শুরুতে ২১০ রানে বাংলাদেশ হারায় পঞ্চশ উইকেট। দারুণ জমে উঠেছিল বাংলাদেশের তৃতীয় উইকেট জুটি। শতরানের খুব কাছে গিয়ে মুমিনুল হকের বিদায় থমকে দেয় ছন্দ। গ্লেন ফিলিপসের সাধারণ এক ডেলিভারিতে কাট করতে গিয়ে ব্যাটের নিচের অংশ লেগে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।
এরপরই ইস সোধির বলে স্লিপে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়। ১৪ রানের জন্য পাননি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।
৮৮ রান যোগ করার পর ভাঙে তৃতীয় উইকেট জুটি। আর ৪ রান আসতেই হারাতে হয় চতুর্থ উইকেট। দলীয় সংগ্রহ দুইশ ছোঁয়ার আগেই।
১৬৬ বলে ১১ চারে ৮৬ রানে থামেন জয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে অনেকটা পথ টানেন ২৩ বছর বয়সী ওপেনার। ৭৮ বলে ৪টি চারে ৩৭ রান করে ফেরেন মুমিনুল।
২২ গজে এসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্রুতগতিতেই রান তুলতে থাকেন। তবে লম্বা করতে পারেননি ইনিংস। প্রথম সেশনের বিরতির কয়েকমিনিট বাকী থাকতে উইকেট ছুঁড়ে আসেন টাইগার অধিনায়ক। ফিলিপসের শিকার হয়ে ফিরে যান সাজঘরে।
টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত আজকে বল হাতে নেন ফিলিপস। নিজের দ্বিতীয় ওভারেই ফেলেন সফলতার দেখা। ওভারের দ্বিতীয় বলে ফুলটস দেন ফিলিপস। চড়াও হতে গিয়ে টাইমিং ঠিকঠাক করতে পারেননি শান্ত।
টপ এইজ হয়ে উপরে ওঠে যায় বল। মিডঅনে ধরা পড়েন কেন উইলিয়ামসনের হাতে। ৯২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। শীতের সকালে সাউদি-জেমিসনের পেস আক্রমণ দারুণ সামলান জাকির হাসান ও জয়। জুটি ফিফটি ছোঁয়ার আগে জাকির অ্যাজাজ প্যাটেলের ঘূর্ণির সামনে নিরুপায় হয়ে বোল্ড হন। ৪১ বল মোকাবেলায় এক বাউন্ডারিতে করেন ১২ রান। দলীয় ৩৯ রানে স্বাগতিকরা প্রথম উইকেট হারায়।







