এশিয়া কাপের সেরা পাঁচে মুশফিক
সামনে কেবল রোহিত শর্মা

প্রায় চার দশক ধরে চলছে মহাদেশীয় ক্রিকেট আসর এশিয়া কাপ। ১৯৮৪ সালে যাত্রা শুরু হলেও মাত্র তিন দলের প্রথম টুর্নামেন্টে বাংলাদেশের ঠাঁই হয়নি। ১৯৮৬ সালে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে প্রথমবার অংশ নেয় টিম টাইগার্স। এরপর এশিয়া কাপের প্রতিটি আসরেই খেলেছে বাংলাদেশ। টানা তিন আসরে খেলেছে ফাইনালও। যদিও শিরোপা-স্বপ্ন অধরাই রয়ে গেছে।
অভিজ্ঞতার পালকে ভালো পারফরম্যান্সের সুবাদে ব্যক্তিগত অর্জনও প্রতিফলিত হচ্ছে পরিসংখ্যানে। সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন মুশফিকুর রহিম। সাত আসরে মিস্টার ডিপেন্ডেবল ২৪ ম্যাচে করেছেন ৮০১ রান।
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকের সামনে রয়েছেন কেবল রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক ২৪ ম্যাচে করেছেন ৮৩০ রান।
২০০৮ সালে বাংলাদেশের হয়ে এশিয়া কাপে প্রথমবার প্রতিনিধিত্ব করেন মুশফিক। এশিয়া কাপে হাজারের বেশি রান করা ক্রিকেটার আছেন কেবল দুজন। উভয়েই শ্রীলঙ্কার। সনাথ জয়াসুরিয়া ও কুমার সাঙ্গাকারা।
জয়াসুরিয়া ২৫ ম্যাচে ১,২২০ রান। আর সাঙ্গাকারা এক ম্যাচ কম খেলে করেছেন ১,০৭৫ রান। তৃতীয় স্থানে রয়েছেন শচীন টেন্ডুলকার। ২৩ ম্যাচে করেছেন ৯৭১ রান।






