রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল দুই নারীর

রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় চাঁদনী পরিবহনের একটি বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী ও একটি শিশু। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাবতলী গরুর হাটের বিপরীতে সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, তিন নারী ও একটি শিশু গাবতলী গরুর হাটের পাশ থেকে ডিপজল কাউন্টারের সামনের ডিভাইডার হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সাভার থেকে আসা চাঁদনী পরিবহনের একটি বাস প্রথমে শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে যায়।
এরপর চালক দ্রুতগতিতে বাস চালালে তিন নারী বাসের সামনে পড়ে যান। বাসটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান।
এসআই সাইফুদ্দিন আরও জানান, পুলিশ ধাওয়া দিয়ে বাসটি আটক করেছে। এ ঘটনায় চালককেও আটক করা হয়েছে। আহত নারী ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। মরদেহ দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।





