জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত
সৌদি আরব থেকে ফেরার পর ওমরাহযাত্রীদের জমজমের পানি সময়মতো সরবরাহ করতে না পারায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সাময়িক বরখাস্ত করার পাশাপাশি বিভাগীয় প্রক্রিয়াও শুরু করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইট। ফ্লাইটে থাকা ওমরাহযাত্রীদের জমজমের পানি স্বাভাবিক সময়ের তুলনায় দেরিতে দেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জমজমের পানি বহনকারী কনটেইনার নামানো এবং পরবর্তী কার্যক্রমে গাফিলতির কারণে নির্ধারিত সময়ে ব্যাগেজ বেল্টে পানি পৌঁছানো সম্ভব হয়নি।
ঘটনার পর সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান।
যাত্রীদের অপেক্ষার সময় কমাতে বিমান কর্তৃপক্ষ নিজেদের সংরক্ষিত জমজমের পানি দিয়ে তাৎক্ষণিকভাবে বিতরণ শুরু করে। পরে আরও একটি কনটেইনারের অবস্থান শনাক্ত হলে সেখানকার পানিও যাত্রীদের মধ্যে সরবরাহ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর মাধ্যমে যাত্রীদের নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে জমজমের পানি পেতে দেরি হওয়ায় ফ্লাইটের কয়েকজন যাত্রী, যাদের মধ্যে সংসদ সদস্যও ছিলেন, বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ, ঢাকায় পৌঁছানোর পর তিন ঘণ্টা পেরিয়ে গেলেও ট্যাগ লাগানো জমজমের পানি তাদের হাতে পৌঁছায়নি।






