ঘরের মাঠে ইউরোর আয়োজনে থমাস মুলারের সুযোগ ছিল শিরোপা জিতে অবসরে যাওয়ার। স্পেনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে আগেভাগেই বিদায় নিয়েছে স্বাগতিক জার্মানি। আসর শেষে অবসরের ঘোষণা দিলেন জার্মানদের বিশ্বজয়ী স্ট্রাইকার।
৩৪ বর্ষী তারকা ইংল্যান্ড-স্পেন ফাইনাল শেষ হওয়ার পরেরদিন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল। ২০১০ সালের মার্চে জার্মানির হয়ে অভিষেক ছিল মুলারের।
জার্মানির হয়ে মুলার ১৩১ ম্যাচ খেলে ৪৫ গোল করেছেন। তার অ্যাসিস্টের তালিকা বেশ দীর্ঘ, ১৩১ ম্যাচে ৮৪ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০১৪ সালে ব্রাজিলে হওয়া বিশ্বকাপ জিতেছিল জার্মানি। দলের সদস্য ছিলেন মুলার এবং স্বাগতিক ব্রাজিলকে দেয়া ৭ গোলের শুরুটা করেছিলেন তারকা স্ট্রাইকার।








