অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে বললেন সংসদ সদস্য শাহাদাত হোসেন

সদস্য শাহাদাত হোসেন সংসদে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার বিষয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিয়ের অনুষ্ঠানে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকর করলে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই আহ্বান জানিয়েছেন তিনি।
শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের বাংলাদেশে বিয়ে অনুষ্ঠানের নামে বিত্ত-বৈভবের যে অশ্লীল প্রদর্শনী, এটাকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। সাতদিন, আটদিন, দশদিন একমাস আগে থেকে ক্যারিওগ্রাফার দিয়ে নৃত্য করে ..আপনার এই গায়ে হলুদ অনুষ্ঠানে। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক।’
বিয়ের অতিরিক্ত খরচ বন্ধ করার আহ্বান জানিয়ে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি জানান তিনি।
শাহাদাত হোসেন বলেন, ‘এটাকে বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল এই আইনটাকে কার্যকর করতে হবে। আপনি দেখবেন মাননীয় স্পিকার যদি অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মিতব্যয়ী, অপচয় পছন্দ করেন না বলেও উল্লেখ করেন তিনি।






