টাঙ্গাইলের মধুপুরে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বর্ণের গহনা ও নগদ অর্থ লুটপাটের অভিযোগ করেছেন স্বজনরা।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ওই ব্যক্তি একই এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী এবং শোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা জালেমন (৬৫)। এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর জালেমন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে প্রতিবেশীরা তার ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে তাদের ধারণা, ডাকাতি করার সময় হয়তো চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন এবং ঘরে থাকা মাটির ব্যাংকে রাখা নগদ অর্থ নিয়ে যায়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।







