কক্সবাজার

বাস-অটোরিকশার সংঘর্ষে মা নিহত, আহত দুই শিশু সন্তান

বাস-অটোরিকশার সংঘর্ষে মা নিহত, দুই শিশু আহত, দুর্ঘটনা স্থানে লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-অটোরিকশার সংঘর্ষের ফলে মা নিহত ও দুই শিশু আহত, ঘটনাস্থলে লোকজন ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে মা নিহত এবং দুই শিশু সন্তান আহত হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকাল ৫টায় ঈদগাঁও উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে।

নিহত তসলিমা আক্তার (৩০) ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার নুরুল আজিম ওরফে কালা পুতুর স্ত্রী।

আহতরা হলো— নিহতের মেয়ে সুজন মনি (৪) ও লাবিবা মনি (২ বছর ৬ মাস)।

স্থানীয়দের বরাতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, বুধবার বিকালে ঈদগড়মুখী বাসের সাথে একই দিকগামী অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু এবং দুই শিশু আহত হয়। স্থানীয়রা আহত শিশুদের উদ্ধার করে ঈদগাঁও স্টেশনের স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করলেও বাসচালক ও সহকারি পালিয়ে যায়।

গোলাম কবির জানান, নিহতের লাশ থানায় রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…