চলতি বছরের প্রথম তিন মাসে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জন ওমরাহ পালন করেন। এর মধ্যে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন।
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, মোট ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের হার ৫৯ দশমিক ৪ শতাংশ এবং নারীর হার ৪০ দশমিক ৬ শতাংশ। মোট ওমরাহ পালনকারীর ২৮ দশমিক ৯ শতাংশ ছিলেন সৌদি নাগরিক।
প্রথম প্রান্তিকে বিদেশ থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭৭ হাজার ৯০৪ জন এবং নারী ২৯ লাখ ৯১ হাজার ৩৬৭ জন। অর্থাৎ আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় কিছুটা বেশি। বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের প্রধান মাধ্যম ছিল বিমান। মোট আন্তর্জাতিক আগমনের ৮৬ শতাংশ বিমানপথে হয়েছে।
এছাড়া ১৩ দশমিক ৬ শতাংশ স্থলবন্দর এবং শূন্য দশমিক ৪ শতাংশ সমুদ্রবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করেন। জানুয়ারিতে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন। বিপরীতে মার্চে এ সংখ্যা কমে দাঁড়ায় ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে। প্রথম তিন মাসে সৌদি আরবের ভেতর থেকে ওমরাহ পালন করেছেন ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন। তাদের মধ্যে সৌদি নাগরিক ৪৩ লাখ ৯৬ হাজার ৮২৮ জন, যা ৪৬ দশমিক ৫ শতাংশ। সৌদি নাগরিক নন এমন দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৫০ লাখ ৬৭ হাজার ৬৬৮ জন।
দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ লাখ ৬৫ হাজার ৮১০ জন বা ৬৬ দশমিক ২ শতাংশ। নারী ছিলেন ৩১ লাখ ৯৮ হাজার ৬৮৬ জন বা ৩৩ দশমিক ৮ শতাংশ। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন একবার ওমরাহ পালন করেছেন। আর ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেন। অর্থাৎ একাধিকবার ওমরাহ পালনকারীর হার ৪ দশমিক ৬ শতাংশ।
ফেব্রুয়ারিতে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন। জানুয়ারিতে এই সংখ্যা ছিল সবচেয়ে কম, ১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন।









