আন্তর্জাতিক

সিরিয়ার সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি

৪০ কোটি ডলারের বেশি ঋণ দিচ্ছে সৌদি আরব

সিরিয়ার সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি

ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে বুধবার দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং সিরিয়ার জ্বালানি, আবাসন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতের উন্নয়নে ৪০ কোটি ৩০ লাখ ডলারের বেশি সৌদি ঋণ।

এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সৌদি আরব সফরে যান আল-শারা। তার সফরকালে বুধবার রিয়াদে এসব চুক্তি সই হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সই হওয়া সহযোগিতা চুক্তিটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছে। তবে চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রস্তাবিত পারস্পরিক প্রতিরক্ষা জোটে সিরিয়ার যোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তার এ বক্তব্যের কয়েক দিন পরই সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করল সিরিয়া।

গত শনিবার বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন ‘মানামা সংলাপে’ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেন, মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এদিকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সহায়তা চেয়েছে সৌদি আরব। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়াইয়ের অংশ হিসেবে হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদে বৈঠকে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এ সময় সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল, জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও কথা বলেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা উত্তেজনা প্রশমন এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন সব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের তাগিদ দিয়েছেন তারা।

সিরীয় রাজনৈতিক গবেষক আহমেদ কাসেম আল জানান, ‘এত অল্প সময়ের মধ্যে আল-শারার দ্বিতীয় সফরটি অঞ্চলে এবং সেই সাথে সিরিয়ার নিরাপত্তা চ্যালেঞ্জের মাত্রা নির্দেশ করে।’ তিনি বলেন, ‘সিরিয়ার উচিত “মক্কা জোটে” যোগ দেওয়া, কারণ দেশটির সার্বভৌমত্ব রক্ষা করতে এবং নিজের ভূখণ্ডে ক্রমাগত বাড়তে থাকা ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে একটি “প্রতিরোধক শক্তি” প্রয়োজন।’

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আল-শারার সফরকালে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সাথে ছয়টি চুক্তির অধীনে সহজ শর্তে ৪০.৩ কোটি ডলারের ঋণ দিতে সম্মত হয়েছে।

সংস্থাটি জানায়, এই ঋণের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য ১০ কোটি ডলার, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ৬ কোটি ডলার, সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ১০.৫ কোটি ডলার, আলেপ্পোর থার্মাল পাওয়ার প্ল্যান্ট (তাপবিদ্যুৎ কেন্দ্র) পুনর্বাসনের জন্য ৯ কোটি ডলার এবং দামেস্ক ও ইদলিবে সুপেয় পানি ব্যবস্থা উন্নয়নের জন্য ৩ কোটি ডলার।

সংস্থাটি আরও জানায়, দুই সরকার শিল্প খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং কৃষি ও পরিবেশ সুরক্ষার বিষয়ে আরও দুটি চুক্তিতে স্বাক্ষর করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর আল-শারা ক্ষমতায় আসার পর থেকেই সৌদি আরব সিরিয়া সরকারের একটি অন্যতম প্রধান সমর্থক হিসেবে ভূমিকা রাখছে। এর আগে গত ৬ অক্টোবর রিয়াদে এই দুই নেতা বৈঠক করেন।

সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্যমতে, সেই বৈঠকে তারা ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং অত্যাবশ্যকীয় সুবিধাসমূহ পুনর্নির্মাণ সহ সিরিয়ার সামগ্রিক পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বিষয়:৪০ কোটি ৩০ লাখ ডলার ঋণ প্রতিরক্ষা চুক্তি সিরিয়া প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…