অপরাধ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

সংগৃহীত।

বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে শায়লা ফারজানার দুই ভাইকেও গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোরে তাদের রাজধানী থেকে আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস থেকে আটক করা হয়। বাকি দুজনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে ধরা হয়।

শফিকুল ইসলাম জানান, দেশকে অস্থিতিশীল করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সায়লা ফারজানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর দুর্নীতির তদন্তের অংশ হিসেবে মনিরুল ইসলাম, তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন ও শাহীনের স্ত্রী সানজিদা খান টুম্পার নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে ১৯ কোটি ৫৩ লাখ টাকার বেশি রয়েছে।

২০২৪ সালের ১৩ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তার স্ত্রী সায়লা ফারজানাকেও জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার ‘জনস্বার্থে প্রয়োজন মনে করলে’ কোনো রকম কারণ না দেখিয়ে চাকরি থেকে অবসর দিতে পারবে।

বিষয়:সরকারি চাকরি আইন-২০১৮ সাবেক এসবি প্রধান মনিরুল সায়লা ফারজানা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…