‘হনুমান অংশ’ থেকে ‘টাইটান স্টোরি’, আইএফএফআইতে পুরস্কৃত যারা

ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) ২০২৬-এর পর্দা নেমেছে। এবারের উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মানজনক ‘গোল্ডেন পিকক’ পুরস্কার জিতেছে পর্তুগিজ নির্মাতা তিয়াগো গেদেস পরিচালিত সিনেমা ‘আকি’। অন্যদিকে, ভারতীয় সিনেমার বিভাগে সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন ড. বিশাল চতুর্বেদী। তার পরিচালিত ‘হনুমান অংশ’ সিনেমার জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি। এ ছাড়া ওয়েব সিরিজ বিভাগে সেরা হয়েছে ‘মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি’।
শনিবার (২৮ নভেম্বর) ভারতের গোয়ায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের উৎসবে বিশ্বাস, সংস্কৃতি, উদ্যোক্তা উদ্যোগ এবং ভারতের শিল্প-অর্থনৈতিক অগ্রযাত্রার গল্পগুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
বিশাল চতুর্বেদী ‘হনুমান অংশ’ সিনেমাটি নিম করোলি বাবার জীবন ও দর্শনকে কেন্দ্র করে নির্মিত। আবেগনির্ভর গল্পের মধ্য দিয়ে এতে বিশ্বাস, সংস্কৃতি ও সংগীতের সমন্বয় ঘটানো হয়েছে। সিনেমাটির সরল উপস্থাপনার প্রশংসা করেছে জুরি বোর্ড। তাদের মতে, ভালো গল্প বলার জন্য বড় বাজেট কিংবা অত্যাধুনিক বিশেষ দৃশ্যপ্রযুক্তির প্রয়োজন হয় না। বরং সিনেমাটির সরলতাই এর অন্যতম শক্তি।
এদিকে, সেরা ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কার জিতেছে ছয় পর্বের হিন্দি ডকুড্রামা ‘মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি’। রব্বি গ্রেওয়াল পরিচালিত সিরিজটি তৈরি করেছেন প্রভলীন সান্ধু এবং প্রযোজনা করেছে আলমাইটি মোশন পিকচার। ভিনয় কামাথের লেখা ‘টাইটান: ইনসাইড ইন্ডিয়াস মোস্ট সাকসেসফুল কনজিউমার ব্র্যান্ড’ বই অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি।
ভারতের অন্যতম সফল ভোক্তাপণ্য ব্র্যান্ড টাইটানের উত্থান এবং এর পেছনের পরিকল্পনা ও দূরদর্শিতার গল্প তুলে ধরা হয়েছে এতে। সিরিজটিতে জেরক্সেস দেশাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জিম সার্ভ এবং জেআরডি টাটার চরিত্রে দেখা গেছে নাসিরুদ্দিন শাহকে।
আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্র পুুরস্কার ‘গোল্ডেন পিকক’ পেয়েছে তিয়াগো গেদেস পরিচালিত ‘আকি’। অন্যদিকে, ‘ভিজিটেশেন’ সিনেমার জন্য সেরা পরিচালকের ‘সিলভার পিকক’ পুরস্কার জিতেছেন জার্মান নির্মাতা ভলকার শ্লন্ডর্ফ।
‘কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ১’ সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ঋষভ শেঠি। সিনেমাটি উৎসবে বিশেষ উল্লেখও পেয়েছে। অন্যদিকে, ‘দ্য মেল্টডাউন’ সিনেমাতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মায়া ও’রুর্ক।
এবারের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব কনটেন্টের সাফল্যও বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে। উৎসবের সমাপনীতে বিভিন্ন দেশের নির্মাতা ও শিল্পীদের কাজের স্বীকৃতির মধ্য দিয়ে শেষ হয় নয় দিনব্যাপী এই আয়োজন। দ্য স্টেটসম্যান





