জনপদ

সহিংসতার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সহিংসতার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিরাপত্তার শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা।

তিনি জানান, আজ ও আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সড়কে সহিংসতা ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প পথে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিল খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। এ পরিকল্পনা অনুযায়ী, গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চলাচলের কথা ছিল।

তবে সড়কে নিরাপত্তার শঙ্কা ও যাত্রীসংখ্যা কম থাকায় আপাতত বাগেরহাট থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাঈম শেখ বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটছে। এ কারণে বাগেরহাট থেকে দোলা পরিবহনের সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ঢাকাগামী যাত্রীর সংখ্যাও প্রায় নেই।

ঢাকাগামী যাত্রী সলেমান হাওলাদার বলেন, জরুরি প্রয়োজনে তাকে ঢাকায় যেতে হবে। এ জন্য মোড়েলগঞ্জ থেকে বাগেরহাট বাসস্ট্যান্ডে এলেও ঢাকাগামী কোনো বাস পাননি। পরে লোকাল বাসে বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছেন। সেখানে ঢাকাগামী বাস পেলে তাতে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন।

এদিকে, বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানান, গতকালের সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:নিরাপত্তা শঙ্কা বাস চলাচল বন্ধ বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন যাত্রী সংকট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…