বিনোদন

বলিউডের গানে ভাষার গভীরতা কমছে: জাভেদ আখতার

বলিউডের গানে ভাষার গভীরতা কমছে: জাভেদ আখতার

বলিউডের সমসাময়িক গানের কথা ও ভাষার মান নিয়ে মন্তব্য করেছেন বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তার মতে, বর্তমান সময়ের জনপ্রিয় গানগুলো মূলত সমাজের ভাষা ও শব্দভাণ্ডারের আগের প্রজন্মের তুলনায় সংকুচিত হয়ে আসায় গানের কথাতেও তার প্রভাব পড়ছে।

সম্প্রতি সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর গান ‘তেরি সেক্সি বিউটি’ নিয়ে বিতর্কের মধ্যে এ মন্তব্য করেন জাভেদ আখতার। গানটির কথা ও সুর করেছেন সাজিদ খান। গানটি প্রকাশের পর এর শিরোনাম ও কথার সঙ্গে যুদ্ধভিত্তিক সিনেমার গল্পের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

বিসিসির ‘মিউজিক ৯১’ ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে জাভেদ আখতারকে সমসাময়িক বলিউডের গানের কথা এবং লেখার মান নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, চলচ্চিত্রশিল্প কিংবা চলচ্চিত্রের গান সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এগুলো সমাজেরেই অংশ। বর্তমানে জেন-জি কিংবা তাদের আগের প্রজন্মের মানুষের শব্দভান্ডারও তাদের বাবা-মা কিংবা দাদা-দাদির সময়ের মতো সমৃদ্ধ নয়।

জাভেদ আখতারের ভাষায়, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সূক্ষ্ম শিল্প। কীভাবে ভাষা ব্যবহার করা হচ্ছে তার ওপর এর সৌন্দর্য ও শৈল্পিকতা নির্ভর করে। কিন্তু বর্তমানে ভাষার প্রতি মানুষের মনোযোগ কোথায়? এখন কতজন সাহিত্য ও কবিতা পড়েন-এমন প্রশ্নও তোলেন তিনি।

সমাজের পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকেও গানের ভাষার এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখছেন জাভেদ আখতার। তার মতে, সমাজ এখন অনেক বেশি প্রয়োজন ও আর্থিক লাভকেন্দ্রিক হয়ে উঠেছে। কোনো কিছুর আর্থিক মূল্য না থাকলে সেটিকে গুরুত্ব দেওয়ার প্রবণতাও কমে গেছে। ফলে সংগীত, শিল্প ও সাহিত্যের গভীরতা ক্রমেই প্রান্তিক হয়ে পড়ছে।

তবে এ বিষয়ে হতাশ নন এই বর্ষীয়ান গীতিকার। নতুন প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, তরুণেরা নিজেরাই আবার সাহিত্য ও শিল্পের দিকে ফিরছে। নিজেদের উদ্যোগে এসব বিষয় নতুন করে আবিষ্কারের চেষ্টা করছে তারা। তার বিশ্বাস, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে শিল্প-সাহিত্যে বড় ধরনের পুনর্জাগরণ ঘটবে।

এদিকে, ‘তেরি সেক্সি বিউটি’ গানটি সিনেমার গল্পে কীভাবে যুক্ত হয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন সালমান খানও। সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, একজন কর্মকর্তা ও কয়েকজন সেনাসদস্য যখন নিজেদের স্ত্রীদের প্রশংসা করেন, তখন গানটি ব্যবহার করা হয়েছে। সিনেমাটি দেখলেই গানটির প্রেক্ষাপট বোঝা যাবে।

সালমান আরও জানান, এখন পর্যন্ত সিনেমার প্রচারে যেসব গানের দৃশ্য দেখানো হয়েছে, মূল সিনেমায় সেগুলোর উপস্থিতি খুবই সীমিত থাকবে।

‘তেরি সেক্সি বিউটি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমান খান ও মুসকান। গানটিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটি। এনডিটিভি

বিষয়:‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ গীতিকার জাভেদ আখতার বলিউড মন্তব্য সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…