আবারও পর্দায় ফিরছে স্পেনের একটি সাধারণ সিরিজ থেকে বিশ্ব কাঁপানো পপ-কালচার আইকনে পরিণত হওয়া সিরিজ ‘মানি হেইস্ট’।
এই সিরিজের স্পিন-অফ ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন মুক্তির ঠিক আগেই ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, মানি হেইস্ট ফ্র্যাঞ্চাইজির গল্প এখানেই শেষ হচ্ছে না। বিশ্বজুড়ে ব্যাপক সাড়া জাগানো এই সিরিজের ইউনিভার্সটি হতে যাচ্ছে আরও বড়।
রবিবার নেটফ্লিক্স তাদের সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অফ মানি হেইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে। এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়, এই ফ্র্যাঞ্চাইজি থেকে নতুন কোনো প্রজেক্ট আসতে যাচ্ছে।
তবে পরবর্তী এই কাজটি কি মানি হাইস্টের ষষ্ঠ সিজন হবে, নাকি এই সিরিজেরই নতুন কোনো ‘স্পিন-অফ’ (বার্লিনের মতো), নাকি সিক্যুয়েল হিসেবে আসবে- তা এখনও খোলাসা করেনি কর্তৃপক্ষ।
সিরিজটিতে ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করা আলভারো মোর্তে স্বয়ং এই ফেরার ঘোষণা দেন। সম্প্রতি ‘বার্লিন’ সিরিজের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এই খবরটি সবার সামনে আনেন।
আগামী ১৫ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’ সিজন ২। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করে নেটফ্লিক্স ক্যাপশন দিয়েছে, ‘বেলা চাও এখনও বাজছে। মানি হেইস্ট-এর দুনিয়া চলতেই থাকবে।’








