আগামী ৩ বা ১০মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গত ১ মার্চ পরিচালনা পর্ষদের সভায় নেয়া সিদ্ধান্তের পর এজিএম উপলক্ষে গুরুত্বপূর্ণ কাজ গুছিয়ে আনতে চলেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
সেটির অংশ হিসেবে ক্লাবটি চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে ক্লাবের সাবেক ডিরেক্টর ইন-চার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়াকে।
ক্লাবের অন্যতম পরিচালক মাহবুব উল আনামকে চেয়ারম্যান করে গঠন করা এজিএম প্রস্তুতি কমিটির দুই সদস্য হচ্ছেন পরিচালক প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া ও মাসুদুজ্জামান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.) স্বাক্ষরিত চিঠিতে কমিটি গঠনের কথা জানানো হয়েছে। কমিটি প্রয়োজন মনে করলে নিজেদের মধ্যে আলোচনা করে সদস্য বৃদ্ধি করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
২০২১ সালের ৬ মার্চ সবশেষ নির্বাচন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। এই পরিচালনা পর্ষদের মেয়াদ দুবছর। ২০২৩ সালের ৫ মার্চের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও কেটে গেছে আরও দুবছর।








