এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড মিক্সড ইভেন্টের স্বর্ণের লড়াইয়ে ভারতের কাছে হেরে গেছে বন্যা আক্তার-হিমু বাছাড় জুটি। ভারতের দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটির কাছে ১৫৩-১৫১এ হেরেছেন তারা। তাতে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের।
ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রথম সেটে ৪ পয়েন্টে পিছিয়ে পড়েন হিমু-বন্যা। দ্বিতীয় সেটে ৩৯-৩৮ ব্যবধানে জেতেন। বন্যা-হিমু জুটি পরের সেটে একই ব্যবধানে জিতে ২ পয়েন্ট ব্যবধান কমান।
চতুর্থ সেটে দুদলই সমান ৩৮ করে পয়েন্ট তোলে। তাতে ২ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ, ভারত স্বর্ণপদক তুলে নেয়।
এশিয়ান আর্চারির এবারের আসরে কম্পাউন্ড ইভেন্ট থেকে এই প্রথম পদক পেল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে দুটি পদকই রৌপ্য।
এর আগে ২০২১ সালে রিকার্ভ মিশ্র দ্বৈত থেকে বাংলাদেশকে প্রথম রৌপ্যপদক এনে দিয়েছিলেন হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী জুটি।








