‘আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি, তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই।’ এমনটাই বললেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, নব্বই দশকের জনপ্রিয় প্রেমের গল্পের আবহ থাকলেও সিনেমা থেকে সরাসরি কোনো কিছু কপি করা হয়নি।
শনিবার বিকেলে আইস্ক্রিন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মিশন ডিডিএলজে’ নিয়ে কথা বলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই। সেদিক থেকে বলতে পারি অবশ্যই ‘মিশন ডিডিএলজে’-তে শাহরুখ খানের সিনেমার কিছুটা অনুপ্রেরণা পাবেন। তবে সরাসরি আমরা কপি করিনি। বাকিটা দর্শকরা কনটেন্টটি দেখলে বুঝবেন।’
তিনি বলেন, ‘আর নামটা কেন ‘ডিডিএলজে’, সেটারও হিডেন মিনিং আছে। সেটাও দর্শক দেখতে বুঝবেন।’

নব্বই দশকের প্রেমের গল্প ফিরছে নতুন প্রজন্মের জন্য
আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, তারা যে ধরনের লাভ স্টোরি দেখে বড় হয়েছেন, এই সময়ে এসে সেই ধরনের গল্প খুব একটা পাওয়া যায় না। তবে আগেকার গল্পের আবহে কিছু কাজ তৈরি হলে দর্শক সেগুলো পছন্দ করেন।
তিনি বলেন, ‘এই গল্পটা এইসময়ের কাপলদের। কিন্তু তারা তাদের প্রেম মজবুত করতে নব্বই দশকের লাভ স্টোরির অনুপ্রেরণা নেয়। আমার বিশ্বাস এখনকার জেনারেশন এই গল্প পছন্দ করবে, সেইসঙ্গে এখনকার বাবা-মায়েরাও এই গল্পটি দেখলে পছন্দ করবেন।’
কেন্দ্রে নাওভী ও লাবণ্য
‘মিশন ডিডিএলজে’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। সংবাদ সম্মেলনে তারাও কাজটি করে তৃপ্তি পাওয়ার কথা জানান।
নাওভী বলেন, ‘এই কনসেপ্টটা শুনে আমার কাছে মজার মনে হয়েছিল। গল্প দর্শকদের কানেক্ট করবে বলে আমি কনফিডেন্ট।’
লাবণ্য বলেন, ‘এই গল্পে ৯০ দশকের লাভ স্টোরি আছে, যা এই প্রজন্মের দর্শকদের কাছে নতুন মনে হবে। তারা এই কাজটি দেখে এনজয় করবে।’
বিয়ের মৌসুমে আলোচনায় আসবে ‘হলুদের গান’
‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়া’স লাভ জার্নি)-এর নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আশেক হোসেন তন্ময়। তিনি জানান, ওয়েব ফিল্মটিতে একটি হলুদের গান রয়েছে। আগামী বিয়ের মৌসুমে গানটি বিয়ে বাড়িতে সেলিব্রেট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‘মিশন ডিডিএলজে’ মূলত রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম। এতে নাওভী ও লাবণ্য ছাড়াও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শাহানা আফরোজ স্বপ্না ও শারমিন সুলতানা শর্মী।
বর্তমানে ওয়েব ফিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষদিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।








