লেবাননে একটি লাইভ টিভি সাক্ষাৎকার চলাকালীন সময় এক সাংবাদিকের বাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই সাংবাদিক আহত হন।
এনডিটিভি জানিয়েছে, ওই সাংবাদিকের নাম ফাদি বউদিয়া। মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক নামের একটি গণমাধ্যমের সম্পাদক তিনি। লেবাননের বালবেক এলাকায় নিজ বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করছিলেন তিনি। এরমধ্যে ইসরায়েলি একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে তার বাড়ির জানালায়। তাতে আহত হন ফাদি বউদিয়া।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওচিত্রে দেখা যায়, সম্পাদক বউদিয়া একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই ঘটনার পর ফাদি বউদিয়া তার এক্স একাউন্টে দেওয়া এক পোস্টে জানান, ঈশ্বরকে ধন্যবাদ, আমি ভালো আছি। যারা ফোন করেছেন, টেক্সট করেছেন, আমাকে নিয়ে চিন্তিত ছিলেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।







