৬ ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ পাচ্ছেন যানবাহন চালকেরা। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনকে টোল পরিশোধ করতে হবে না।
এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সারা দেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা কার্যকর থাকবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও।
সরকারি নির্দেশনা অনুযায়ী, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, দিবসটি উপলক্ষে আজ দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত সরকারি নির্দেশিকায় ৭ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিবছর নির্ধারিত নিয়মে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এ সাধারণ ছুটির আওতায় থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফশিলি ব্যাংকও আজ বন্ধ থাকবে।






