গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার ৩ সপ্তাহের মধ্যে মারা গেলেন ‘মিস ভেনিজুয়েলা’ আরিয়ানা ভিয়েরা। মৃত্যুর সময় এই মডেলের বয়স হয়েছিল মাত্র ২৬ বছর!
নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গেল ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে একটি ট্রাকের সঙ্গে মিস ভিয়েরার গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়। তখনই লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন এই মডেল।
দুর্ঘটনার ১০ দিন পর মিস ভেনিজুয়েলার মা ভিভিয়ান ওচোয়া একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় আরিয়ানা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। এরপর একটি লেকের ধারে তার গাড়ির সঙ্গে লরির মারাত্মক সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দারা আরিয়ানাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। তবে চিকিৎসা চলাকালীন আর জ্ঞান ফেরেনি তার। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মিস ভেনিজুয়েলা।
আগামী অক্টোবরে ডোমিনিকান রিপাবলিকের ২০২৩-এর মিস লাতিন আমেরিকায় নিজ দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল আরিয়ানার। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।
সূত্র: এনডিটিভি







