বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং সূরা ফাতেহা পাঠ করেন।
এর আগে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এদিকে আজ সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।








