বাংলাদেশ

পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ, সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ, সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা

ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ মহিলা আসন-২৩, সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। নিজের সিদ্ধান্ত স্বেচ্ছায় ও সম্পূর্ণ সচেতনভাবে নেওয়া হয়েছে উল্লেখ করে পদত্যাগপত্রে তা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ নির্দেশ আসে।

গত ২৪ সেপ্টেম্বর রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে সংরক্ষিত নারী আসন শূন্য হওয়ায় পরবর্তী সময়ে আইন অনুযায়ী আসনটি পূরণের প্রক্রিয়া শুরু হবে।

বিষয়:ত্রয়োদশ জাতীয় সংসদ ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপি মহিলা আসন-২৩ শূন্য সংরক্ষিত নারী আসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…