মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং পাঁচ দিনের সরকারি সফরে আজ ভারতে যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর, যা আঞ্চলিক কূটনীতিতে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, আজ ৩০ মে শনিবার থেকে শুরু হওয়া ৫ দিনের সরকারি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মিন অং হ্লাইং। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
মিয়ানমারের নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালে ক্ষমতা দখল করেন জেনারেল মিন অং হ্লাইং। এরপর দীর্ঘ সময় ধরে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় ছিল দেশটির সামরিক নেতৃত্ব। তবে সম্প্রতি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তিনি আবারও আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগ জোরদারের চেষ্টা করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিন অং হ্লাইংয়ের এই সফর ভারতের জন্যও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। মিয়ানমারের ওপর চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা, বিরল মৃত্তিকা সম্পদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং ভারত-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা সহযোগিতা জোরদার করাই নয়াদিল্লির অন্যতম লক্ষ্য।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের বলেন, ভারত ও মিয়ানমারের দ্বিপক্ষীয় সম্পর্কের আওতায় থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।









