ফুটবল

আসছে সর্বকালের সেরা ব্যালন ডি’অর, অর্থের বিনিময়ে দেয়া যাচ্ছে ভোট

আসছে সর্বকালের সেরা ব্যালন ডি’অর, অর্থের বিনিময়ে দেয়া যাচ্ছে ভোট

সর্বকালের সেরা কে-লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? ফুটবলবিশ্বে দুই মহাতারকাকে নিয়ে এই বিতর্কের শেষ নেই। এবার ব্যালন ডি’অরের বিশেষ এক ভোটাভুটিতে মুখোমুখি তাদের সেরা মৌসুম। সর্বকালের সেরা ব্যালন ডি’অর দিবে ফ্রান্স ফুটবল সাময়িকী। তবে ভোট দিতে হবে অর্থের বিনিময়ে, প্রতিটি ভোট দিতে খরচ করতে হচ্ছে এক ইউরো।

ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ শিরোনামে এই ভোটাভুটির আয়োজন করা হয়েছে। এতে ব্যালন ডি’অরজয়ী ১০ কিংবদন্তির সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন সমর্থকেরা। তালিকায় মেসি ও রোনালদো ছাড়াও রয়েছেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিচেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেদো দি স্টেফানো।

অবশ্য এই ভোটের ফল নিয়েও থাকবে বড় প্রশ্ন। কারণ, এখানে একজন সমর্থক প্রতিবার এক ইউরো খরচ করে একই ফুটবলার বা একই মৌসুমকে যতবার খুশি ভোট দিতে পারবেন। প্রতিটি ভোটের বিনিময়ে পাওয়া যাবে ব্যালন ডি’অরের বিশেষ ডিজিটাল ছবি ডাউনলোডের সুযোগ। পাশাপাশি লটারির মাধ্যমে ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগও রয়েছে।

এই ভোটাভোটিতে পুরো ক্যারিয়ার নয় বরং তুলনা করা হচ্ছে নির্দিষ্ট ব্যালন ডি’অরজয়ী মৌসুমগুলোর। তার ওপর অর্থের বিনিময়ে বারবার ভোট দেওয়ার সুযোগ থাকায় ফলাফলে সমর্থকদের আর্থিক সামর্থ্য ও অংশগ্রহণও প্রভাব ফেলতে পারে।

চলতি মাসের শুরুতে শুরু হওয়া এই ভোটাভুটি চলবে ২৭ অক্টোবর প্যারিসের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৮ অক্টোবর।

বিষয়:ফ্রান্স ফুটবল সাময়িকী ব্যালন ডি”অর মেসি রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…