মেসি-রোনালদো এখন দুই জগতের বাসিন্দা। একজন ইউরোপে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, অন্যজন পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। তাদের মাঠের লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগ্রহে অবশ্য ভাটা পড়েনি সামান্যও। দীর্ঘদিন পর আবারও দুই কিংবদন্তির দ্বৈরথের সম্ভাবনা জেগেছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদিতে আসা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসের এ মাসেই মুখোমুখি হবে মেসির ক্লাব পিএসজির। ১৯ জানুয়ারি রাজধানী রিয়াদে আল–হিলাল ও আল নাসেরের খেলোয়াড়দের নিয়ে গড়া দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ফরাসি জায়ান্টরা। তাতেই জেগেছে মেসি-রোনালদোর দেখা হওয়ার সম্ভাবনা।
আল-হিলাল ও আল-নাসেরের সম্মিলিত দলে রোনালদোর না থাকার কোনো কারণ নেই। অন্যদিকে পিএসজি যদি পূর্ণ শক্তির দল নিয়ে রিয়াদে যায়, তাতে মেসির থাকাও নিশ্চিত। দানে দান ঘটলে দুই কিংবদন্তির লড়াই পারদ চড়াবে আবারও।
পিএসজির বিপক্ষে ম্যাচে দুই সৌদি ক্লাবের সম্মিলিত দলের কোচ হবেন আর্জেন্টাইন মার্সেলো গ্যালার্দো। যিনি রিভার প্লেটকে দুবার কোপা লিবার্তোদোরেস জিতিয়েছেন। বর্তমানে বিরতি কাটাচ্ছেন ৪৬ বর্ষী গ্যালার্দো।







