চোট কাটিয়ে দুমাস পর লড়াইয়ে ফিরে জালের দেখা পেয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে রোববার ফিলাডেলফিয়ার বিপক্ষে তার জোড়া গোলের সঙ্গে বন্ধু লুইস সুয়ারেজের গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে টাটা মার্টিনোর দল। চোট কাটিয়ে ফিরে কিছুটা ক্লান্তির অনুভূতি হচ্ছে ৩৭ বর্ষী মহাতারকার, তবে এমএলএসে নতুন এক রেকর্ডও গড়েছেন কিংবদন্তি মেসি।
মেজর লিগ সকারে ১৯ ম্যাচে নিজের ১৫ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে মেসি গোল করিয়েছেন আরও ১৫টি। যা লিগটির ইতিহাসে দ্রুততম। সমান সংখ্যক গোলের রেকর্ড গড়া সেবাস্তিয়ান জিওভিনকোর লেগেছিল ২৯ ম্যাচ। ১০ ম্যাচ কম খেলে মেসি সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।
পরে বিশ্বজয়ী মেসি বলেছেন, ‘সত্যি বলতে, আমি কিছুটা ক্লান্ত। মিয়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে মাঠে ফিরতে মুখিয়ে ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা আমার কছে অনেক দীর্ঘ মনে হয়েছিল।’
‘সত্যিই চেয়েছিলাম যেন দ্রুত ফিরতে পারি। কারণ অনেকদিন থেকে মাঠের বাইরে ছিলাম। অল্প অল্প করে দলের সঙ্গে অনুশীলন নিচ্ছিলাম, এক পর্যায়ে ভালো বোধ করছিলাম। যে কারণে সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে, আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নেই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।’








