বার্সেলোনায় হয়ে খেলবেন লিওনেল মেসি, শুনতে অবাক লাগলেও তাই হতে চলেছে। আগামী বছর নভেম্বরে কাতালানদের জার্সিতে দেখা যেতে পারে বিশ্বজয়ী কিংবদন্তিকে। বার্সেলোনার ১২৫ বছর পূর্তিতে মেসিকে ট্রিবিউট জানাতে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। খবর ইউরোপীয় সংবাদমাধ্যমের।
২০২১ সালের গ্রীষ্ম মৌসুমে অনেকটা তাড়াহুড়োর মধ্যেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। কাতালান ভক্তদেরও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারেননি তিনি। পিএসজিতে দুই বছর কাটানোর পর আলোচনা চলছিল বার্সেলোনায় ফেরার। তবে চলতি বছর ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে ট্রিবিউট জানাতে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বার্সেলোনার কর্মকর্তারা। ২০২৪ সালের ২৯ নভেম্বর ক্যাম্প ন্যু’তে ক্লাবের ১২৫তম বার্ষিকীতে ম্যাচটি আয়োজনের কথা ভাবছে কাতালান ক্লাবটি।
ইউরোপীয় সংবাদমাধ্যমের দাবি, ম্যাচটিতে বার্সেলোনার কিংবদন্তিদের একত্রিত করা হবে। ম্যাচটিতে দেখা মিলবে জাভি, ইনিয়েস্তা, আগুয়েরো, ডেভিড ভিলা, রোনালদিনহো, রিভালদো, রোমারিও, লুইস এনরিকে ও রোনালদোর মতো বার্সার সাবেক কিংবদন্তিদের।
বার্সেলোনার কিংবদন্তিদের মুখোমুখি হতে আমন্ত্রণ জানানো হবে বিশ্ব কিংবদন্তিদের। যাদের মধ্যে রয়েছেন, সার্জিও রামোস, জিনেদিন জিদান, ডেভিড বেকহ্যাম এবং গ্যারেথ বেলরা। জন টেরি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড এবং ফার্নান্দো টরেসের মতো ফুটবলারদেরও আমন্ত্রণ জানানো হতে পারে। এমনকি সৌদি ক্লাব আল নাসেরের অনুমতি সাপেক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোও খেলতে পারেন মেসিদের বিপক্ষে।








