লিওনেল মেসির বর্তমান ঠিকানা প্যারিস। পিএসজিতে যাওয়ার পর পরিবার নিয়ে সেখানে আবাস গড়েছেন। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, পিএসজির সঙ্গে আর্জেন্টাইন মহাতারকা চুক্তি নবায়ন করবেন না। আবারও নাকি তিনি পুরনো ঠিকানা বার্সায় ফিরতে পারেন।
গুঞ্জনের মাঝেই মেসির বার্সায় ফেরার আলোচনার আগুনে ঘি ঢেলে দিলেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। লা লিগায় গেটাফের বিপক্ষে কাতালান ক্লাবটির গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি মাঠে বসেই দেখেন ব্লুগ্রানা বস। ম্যাচ শেষে এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন- মেসি ক্যাম্প ন্যুতে ফিরে যেতে পারেন কি না? লাপোর্তা উত্তরে বলেছিলেন, ‘হ্যাঁ’।
এদিকে, ইউরোপীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মেসি এই মৌসুমের পর পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষে বার্সেলোনায় ফিরতে চান।
বিশ্বকাপজয়ী তারকার সৌদি আরবের ক্লাব আল হিলাল এবং যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি কাছ থেকে প্রস্তাব এসেছে। কিন্তু ৩৫ বর্ষী ফুটবলার ইউরোপেই থাকতে পছন্দ করছেন বলে ন্যু ক্যাম্পে তার ফেরার সম্ভাবনা বাড়ছে।
যদিও মেসির বার্সায় প্রত্যাবর্তনের পথে ক্লাবটির আর্থিক পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। লা লিগার আর্থিক ফেয়ার প্লে রেগুলেশন মেনে চলার জন্য স্প্যানিশ জায়ান্টরা মজুরি বিলে পর্যাপ্ত জায়গা তৈরি করতে পারবে কিনা, সেটির উপর মেসির বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা অনেকটা নির্ভর করছে।
সামনের গ্রীষ্মকালীন মৌসুমে আর্জেন্টাইন মহাতারকাকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনাকে ব্যয় কমাতে হবে। হিসেবে ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করা ক্লাবটির সর্বকালের সেরা খেলোয়াড় কে ফেরানোর জন্য তাদের দৃঢ় সংকল্প রয়েছে।







