চলতি মৌসুমে পিএসজি-ক্যারিয়ার শেষ করছেন মেসি, আলোচনা এখন সেদিকেই। আর্জেন্টাইন মহাতারকার সৌদি সফর ঘিরে দুপক্ষের মাঝে হয়েছে সম্পর্কের অবনতি। খবর আসছে, মৌসুম শেষে অন্য ঠিকানায় পাড়ি দেবেন বিশ্বজয়ী কিংবদন্তি। সেক্ষেত্রে পছন্দের তালিকায় এগিয়ে সাবেক ক্লাব বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ফিরতে হলে বার্সায় মেসির আগের বেতনের ৭৫ শতাংশ কমাতে হতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে বেতন কমানোর প্রসঙ্গ। তাদের প্রতিবেদন, ২০২০-২০২১ মৌসুমে বার্সেলোনায় ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ১২’শ কোটি টাকা) বেতন ছিল মেসির। এবার ২০২৫ জুন পর্যন্ত দুবছরের চুক্তি প্রস্তাব দিয়েছে কাতালান ক্লাবটি। তবে একবছর পর মেসি চাইলে ক্লাব ছাড়তে পারবেন, এমন শর্তও থাকছে।
আর্জেন্টাইন কিংবদন্তিকে ফেরাতে বড় বাধা বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতি। এক্ষেত্রে ২৫ মিলিয়ন ইউরো (প্রায় ৩’শ কোটি টাকা) বেতনের প্রস্তাব থাকবে মেসি দিকে।
মূলত লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী বার্সেলোনার বাৎসরিক বেতন কাঠামো ২০০ মিলিয়নের মধ্যে হতে হবে। এ কারণেই বেতন কমাতে হতে পারে মেসিকে। বিষয়টি নিয়ে প্রাসঙ্গিক পরামর্শ সম্পন্ন করেছে বার্সা। বিশ্বজয়ী মহাতারকাকে ফেরাতে সার্বিক খরচ কমাতেও প্রস্তুত ক্লাবটি।









