বিনোদন

পুরুষের চোখেও জমে জল, সেই গল্প বলে যে ৬ সিনেমা

বিশ্ব পুরুষ দিবসে পুরুষের অদেখা আবেগ ও লড়াইয়ের গল্প নিয়ে ৬ সিনেমা

পুরুষের চোখেও জমে জল, সেই গল্প বলে যে ৬ সিনেমা

পুরুষ মানেই কি শক্ত, কঠোর, আবেগহীন? সমাজে পুরুষের পরিচয় ও ভূমিকা নিয়ে প্রচলিত ধারণার বাইরে গিয়ে সিনেমা বারবার তুলে ধরেছে তাদের ভেতরের মানুষটিকে। যেখানে আছে ভালোবাসা, ভয়, অনিশ্চয়তা, হারানোর বেদনা, পিতৃত্বের দায়িত্ব এবং নিজের ভুলের সঙ্গে লড়াইয়ের গল্প। পুরুষের আবেগ ও দুর্বলতার এমন কিছু দিক নিয়েই নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা।

আজ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ সবার জন্য’। দিবসটি উপলক্ষে পুরুষের সংবেদনশীল, আবেগপ্রবণ ও মানবিক দিক তুলে ধরা ছয়টি সিনেমার কথা থাকলো এই ফিচারে:

দ্য পারস্যুট অব হ্যাপিনেস

হলিউড অভিনেতা উইল স্মিথ অভিনীত ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’ পুরুষের সংগ্রাম ও পিতৃত্বের এক অনন্য গল্প। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় ক্রিস গার্ডনার নামের এক বাবার জীবনসংগ্রাম উঠে এসেছে। গৃহহীনতা, অর্থনৈতিক সংকট, প্রত্যাখ্যান আর অনিশ্চয়তার মধ্যেও ছেলেকে আগলে রাখার চেষ্টা করেন তিনি। সিনেমাটি দেখায়, পুরুষত্ব মানে কেবল কঠোর থাকা নয়, বরং প্রতিকূলতার মধ্যেও ভালোবাসা ও দায়িত্ববোধ ধরে রাখার সাহস।

ফাদারহুড

কেভিন হার্ট অভিনীত ‘ফাদারহুড’ সিনেমায় উঠে এসেছে শোক, একক পিতৃত্ব এবং সন্তানকে বড় করে তোলার গল্প। স্ত্রীকে হারানোর পর একাই মেয়েকে বড় করার দায়িত্ব নেন এক বাবা। নতুন এই জীবনে নানা অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। হাস্যরস ও আবেগের মিশেলে সিনেমাটি দেখায়, সন্তান পালনে বাবার ভালোবাসা, সহমর্মিতা এবং উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে পুরুষের আবেগ প্রকাশ ও দুর্বলতাকে স্বাভাবিকভাবে দেখার বার্তাও দেয় সিনেমাটি।


অ্যাডোলেসেন্স

স্টিফেন গ্রাহাম নির্মিত ‘অ্যাডোলেসেন্স’ কিশোর বয়সে ছেলেদের মানসিক গঠন, পরিচয়সংকট এবং পুরুষত্ব নিয়ে সামাজিক প্রত্যাশার বিষয়গুলো সামনে আনে। কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পথে একজন ছেলের ওপর সমাজের চাপ, শক্তিশালী হওয়ার ধারণা এবং স্বাধীনতার ভুল ব্যাখ্যা কীভাবে প্রভাব ফেলে, তা তুলে ধরা হয়েছে এতে। বাবা ও সন্তানের সম্পর্কের পাশাপাশি আবেগ বোঝা এবং প্রকাশ করার গুরুত্বও উঠে এসেছে সিনেমাটিতে।

কিং রিচার্ড

টেনিস তারকা সেরেনা ও ভেনাস উইলিয়ামসের জীবন অবলম্বনে নির্মিত কিং রিচার্ড সিনেমার কেন্দ্রে তাদের বাবা রিচার্ড উইলিয়ামস। মেয়েদের টেনিস তারকা হিসেবে গড়ে তুলতে তার কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের গল্প এতে উঠে এসেছে। সন্তানদের প্রতি ভালোবাসা ও সুরক্ষার আকাঙ্ক্ষার পাশাপাশি একজন বাবার সীমাবদ্ধতা ও জটিলতাও তুলে ধরে সিনেমাটি। এটি দেখায়, পিতৃত্ব কখনো শাসন, কখনো সুরক্ষা, আবার কখনো সন্তানের স্বপ্নের প্রতি নিঃশর্ত বিশ্বাসের নাম।

ব্রেথ অব লাইফ

বিবি সাসোরে পরিচালিত ‘ব্রেথ অব লাইফ’ সিনেমায় পুরুষের জীবনবোধ, বিশ্বাস, উদ্দেশ্য ও অনুশোচনার গল্প উঠে এসেছে। জীবনের এক বড় শোকের পর সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন এক ব্যক্তি। পরে এক তরুণকে পথ দেখাতে গিয়ে নতুন করে জীবনের অর্থ খুঁজে পান তিনি। সিনেমাটি দেখায়, হারানো সম্পর্ক ও অনুভূতির সঙ্গে পুনরায় যুক্ত হওয়া এবং অন্যের জীবনে ইতিবাচক ভূমিকা রাখাও পুরুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

মাই ফাদার্স শ্যাডো

আকিনোলা ডেভিস জুনিয়রের ‘মাই ফাদার্স শ্যাডো’ সিনেমায় বাবা ও ছেলের সম্পর্কের মধ্য দিয়ে প্রজন্মান্তরে বয়ে চলা ক্ষত, নীরবতা ও মানসিক আঘাতের গল্প বলা হয়েছে। বাবার কাছ থেকে সন্তানেরা যেমন শক্তি ও মূল্যবোধ পায়, তেমনি উত্তরাধিকার হিসেবে পেতে পারে কিছু অমীমাংসিত ক্ষতও। সেই নীরবতা ভেঙে অতীতের মুখোমুখি হওয়া এবং সম্পর্কের জটিলতা কাটিয়ে ওঠার মধ্য দিয়ে সিনেমাটি তুলে ধরে ভালোবাসা ও মানসিক নিরাময়ের গুরুত্ব।  বেলানাইজা

বিষয়:কিং রিচার্ড পুরুষ দিবস ব্রেথ অব লাইফ মাই ফাদার্স শ্যাডো সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…