ফরাসি স্ট্রাইকার কাইলিয়ান এমবাপেকে নিতে ২০০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। প্রস্তাবের সঙ্গে আছে রিয়াল মাদ্রিদে যাওয়ার বিষয়টিও। চাইলে ২০২৪ সালে সৌদি থেকে স্পেনে যেতে পারবেন এমবাপে, সেক্ষেত্রে রিলিজ ক্লজের অর্থ রিয়াল শোধ করলেই চুক্তির অনুমতি মিলবে।
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে এমবাপের ভবিষ্যৎ নিয়ে টানাটানি চলছে। বিশ্বকাপজয়ী তারকা স্পষ্ট করেছেন পার্ক ডে প্রিন্সেসে নতুন করে চুক্তি বাড়াতে চান না। তাতে ২০২৪ সালে ফ্রি এজেন্ট হয়ে যাবেন কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা তারকা। রিয়াল তখন সহসাই তাকে দলে টানতে পারবে পিএসজির রিলিজ ক্লজের অনেক অর্থ না ঢেলেই।
এদিকে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা এমবাপেকে ছাড়াই এশিয়া ট্যুরে বেরিয়ে পড়েছে। এরমধ্যে খবর, রিয়াল মাদ্রিদ, আর্সেনালের পর তাকে দলে টানার দৌড়ে যোগ দিয়েছে আল হিলাল। যারা বছরে কেবল ২০০ মিলিয়ন দিতেই প্রস্তুত নয়, একবছর পর রিয়ালে যেতে দিতেও প্রস্তুত।







