কয়েকদিন আগে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই উতরে যাওয়া নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন কাইলিয়ান এমবাপে। সাউথ আমেরিকান ফুটবলকে ইউরোপের ফুটবলের চেয়ে পশ্চাৎসারিরও বলেছেন ফরাসি তারকা। এমবাপের নেতিবাচক সেসব মন্তব্যের জবাব দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
আবহাওয়া ও খেলার ধরনে সাদৃশ্য থাকায় আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইকে বরং তুলনামূলক কঠিনই বলছেন এমবাপের পিএসজি সতীর্থ মেসি। তাই আমেরিকান দল নয়, ইউরোপিয়ান দলের সাথে খেলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
‘অনুশীলনের বাইরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, কিন্তু এই বিষয় নিয়ে ওর সাথে কথা হয়নি। কেনো বলেছে, কী বলেছে এটাও জানি না। তবে এই ব্যাপারটি নিয়ে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে অনেকবার কথা বলেছি। যখন বাছাই শেষ করে ফিরতাম, ওদের বলতাম, তোমাদের কি ধারণা আছে লাতিন আমেরিকায় খেললে বিশ্বকাপ বাছাই উতরানো তোমাদের জন্য কতটা কঠিন হতো?’
‘কলম্বিয়া, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, গরম; এরপর ভেনেজুয়েলা, প্রতিটি দেশের ভিন্ন ভিন্ন কন্ডিশন, এসব বাছাইকে আরও বেশি কঠিন করে তোলে। এগুলো ছাড়াও সেখানে দুর্দান্ত খেলোয়াড় নিয়ে গড়া দারুণসব দল আছে এবং প্রতিপক্ষ যে দলই হোক না কেনো, ফুটবলের মান অনেকটা একই। এখন আমি মনে করি, ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলাটাই দারুণ পরীক্ষার।’
কয়েকদিন আগে ফরাসিদের বিশ্বকাপজয়ী এমবাপে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিশ্বকাপে পৌঁছাতে তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি আর্জেন্টিনাকে। সাউথ আমেরিকার ফুটবল ইউরোপের ফুটবলের চেয়ে অনেক পিছিয়ে। সর্বশেষ বিশ্বকাপের দিকে তাকালেই বিষয়টি সহজে বুঝতে পারবেন, প্রত্যেকবারই ইউরোপের দল জিতেছে।’ সেটির প্রেক্ষিতে ছুটে আসা প্রশ্নেই মেসির এমন উত্তর।







