বহু সিনেমা ও ওয়েব সিরিজে নিজেকে প্রমাণ করেছেন মনোজ বাজপেয়ী। তবে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকে সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় উঠে এসেছেন অভিনেতা। অনেকেই মনে করছেন, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর ব্যাপক সাফল্যের পরে শাহরুখ-সালমানের মতো চড়া পারিশ্রমিক পাচ্ছেন মনোজ। তবে অভিনেতা জানালেন ভিন্ন কথা।
সম্প্রতি একটি বিনোদন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন মনোজ বাজপেয়ী। তাকে প্রশ্ন করা হয় ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ তিনি কি শাহরুখ, সালমানদের মতো পারিশ্রমিক পেয়েছেন কিনা। কিছুটা বিরক্ত হয়ে মনোজ বাজপেয়ী বলেন, ‘এখানে শ্রম খুবই সস্তা’।
অভিনেতা আরও বলেন, ‘আমি শোয়ের জন্য বড় তারকাদের মতো অর্থ পাচ্ছি না। ওটিটির লোকেরা বলিউডের প্রযোজকদের মতোই খারাপ। ফ্যামিলি ম্যান-এর জন্য যে অর্থ আমার পাওয়া উচিত, তা আমি পাইনি। এখানেই যদি কোনও বিদেশি শ্বেতাঙ্গ অভিনেতা আসেন, তাহলে তারা অনেক অর্থ ঢালতে রাজি হয়ে যাবেন। চীনে যেমন ব্র্যান্ডের কারখানা আছে বলে ওখানে শ্রমের কোনও দাম নেই, তেমনই এখানে শ্রমের কোনও দাম নেই। একই জায়গায় যদি, জ্যাক রায়ানের মতো অভিনেতারা এসে কাজ করতেন, তখন দেখতাম অনেক পারিশ্রমিক দেওয়া হচ্ছে।’
‘দ্য ফ্যামিলি ম্যান’-এ মনোজ বাজপেয়ীকে মুখ্য ভূমিকায় দেখা গেছে। একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আমাজন প্রাইম ভিডিওর এই সিরিজের দুটি সিজনই সফল।
সূত্র: কইমই








