কর্মক্ষেত্রে নারীদের পিরিয়ডসের ছুটি বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া মানে নারীদেরই ক্ষতি করা বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
(৮ জুন) সোমবার একটি প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কর্মক্ষেত্রে নারীদের পিরিয়ডসের ছুটি বাধ্যতামূলক করার নির্দেশের জন্য আর্জি জানানো হলে এই নিয়ে কোনরকম জনস্বার্থ মামলা গ্রহণ করতে রাজি হয়নি ভারতের শীর্ষ আদালত।
আদালত জানিয়েছে, পিরিয়ডের সময় নারীদের ছুটি মঞ্জুর নিয়ে দেশের শীর্ষ আদালত কোন সিদ্ধান্ত নিলে সেটির বিপরীত প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ঋতুমতী নারীদের নিযুক্ত করা নিয়েও অনাগ্রহ তৈরি হতে পারে বিভিন্ন সংস্থার। তাই এই ছুটি মঞ্জুর করে তারা এমন কোন সিদ্ধান্ত নিতে চায় না যাতে নারীদেরই ক্ষতি হয়।
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, পিরিয়ড চলাকালীন ছুটি পেলে নারীরা অফিসে কাজের প্রতি আকৃষ্ট হবেন কি না, ছুটি দিলে তাদের কাজের প্রতি অনীহা তৈরি হবে কি না, এ সবটাই সরকারের নীতিগত দিক। আদালতের নজরদারির অংশ নয়।










