ব্রাইটনের কাছে হেরে মৌসুম শুরু ইউনাইটেডের

একজন ফুটবল খেলোয়াড় মাঠে, চোখে ব্যথা অনুভব করছে, সম্ভবত ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
লিগ টেবিলে সপ্তম হওয়ার হতাশা নিয়ে গত মৌসুম শেষ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। খোলস বদলাতে মৌসুম শেষে কোচ বদলেছিল রেড ডেভিলরা। তবে তাতে ভাগ্যের পরিবর্তন হয়নি খুব বেশি। নতুন মৌসুমের শুরুটাও হল হার দিয়েই। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটনের কাছে হেরেছে এরিক টেন হাগের দল।
সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই গোল করে ব্রাইটনের জয়ের নায়ক পাস্কাল গ্রোস।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলেছে সফরকারীরা। ৩০তম মিনিটে কাঙ্খিত লিড ও পেয়ে যায় ব্রাইটনের ক্লাবটি। ড্যানি ওয়েলব্যাকের বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোরবোর্ডে নাম লেখান গ্রোস।
পিছিয়ে পড়ার পর অগোছালো ফুটবল খেলতে শুরু করে ইউনাইটেড। সুযোগ পেয়ে ৩৯ তম মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রোস। ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে টেন হাগের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পিছিয়ে পড়া ইউনাইটেডকে টেনে তুলতে তেমন কিছু করতে পারেননি পর্তুগিজ স্ট্রাইকার। ৬০তম মিনিটে সুযোগ পায় স্বাগতিকরা। তবে মার্কাস র্যাশফোর্ডের দুর্দান্ত ঠেকিয়ে দেন ব্রাইটন গোলরক্ষক।
৬৬তম মিনিটে ব্রাইটন মিডফিল্ডার আলিস্তের আত্মঘাতি গোলে ব্যবধান কমায় ইউনাইটেড। তবে তাতে শেষরক্ষা হয়নি রোনালদোর দলের। ২-১ গোলের হার নিয়ে মৌসুম শুরু করল টেন হাগের শিষ্যরা।






