বিখ্যাত বেগুনি কিটের সঙ্গে সবুজ চুল ও মেকআপ নিয়ে জোকারের সাজ। হেঁটে চলছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের রাস্তায়। শুক্রবার হ্যালোইন উৎসবের রাতে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই ভিডিও দেখা যাচ্ছে ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ডকে।
উৎসবে অংশ নিতে জোকার সাজে বেরিয়ে পড়েছিলেন নরওয়ের তারকা ফরোয়ার্ড হালান্ড। তার এমন বিরল সাজে অবাক হয়েছেন সমর্থক ও স্থানীয়রা। এসময় হালান্ডের সঙ্গে ছিলেন তার বান্ধবীও। এমন অভিনব সাজ ও মজার ছলে বানানো ভিডিও প্রকাশ করেন নিজের ইউটিউব চ্যানেলেই।
চলতি মৌসুমে সিটির ২৫ বর্ষী তারকা ফরোয়ার্ড দারুণ ছন্দে আছেন। ২০২২-২৩ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুটজয়ী হালান্ড প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ১১ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে জালের দেখা পেয়েছেন চারটি।







