২০২২-২৩ মৌসুমটি ছিল ম্যানচেস্টার সিটির জন্য এক ঐতিহাসিক অধ্যায়, ইতিহাসে প্রথমবার ট্রেবল শিরোপা জিতেছিল তারা। পেপ গার্দিওলার অধীনে সেই স্মরণীয় মৌসুম প্রতিটা সিটিজেনদের কাছে অবিশ্বাস্য স্মরণীয়। তবে অন্যরকম এক কান্ড ঘটে গেছে ম্যানচিটির অভ্যন্তরীণে। ক্লাবটির কোন খেলোয়াড় কিংবা কোচিং স্টাফের কেউ একজন সেই মৌসুমের প্রতিটি মেডেল বিক্রি করে দিচ্ছেন।
ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবলজয়ী মৌসুমের বিজয়ী পদকের একটি সম্পূর্ণ সেট নিলামে তোলা হয়েছে। শীর্ষস্থানীয় ক্রীড়া স্মারক নিলামকারী প্রতিষ্ঠান বাডস নিশ্চিত করেছে, এই মাসের শেষের দিকে পাঁচটি পদকের একটি ঐতিহাসিক সেট নিলামে তোলা হবে। এ পদক গুলো মেড ইন ম্যানচেস্টার লাইভ নামের নিলামের অংশ হিসেবে বিক্রি হওয়ার কথা রয়েছে, যা ২৮শে এপ্রিল অনুষ্ঠিত হবে।
ইংলিশ গণমাধ্যমের মতে, ক্লাবের ঐতিহাসিক ২০২২/২৩ মৌসুমের এই পদকগুলো ধনী অথবা ক্লাব ইতিহাসবিদ উভয়ের কাছেই ব্যাপক আকর্ষণের কেন্দ্রে থাকবে বলে আশা করা হচ্ছে। তবে কে পদকগুলো বিক্রির করছেন সে বিষয় পরিচয় কঠোরভাবে গোপন রাখা হয়েছে। বিক্রেতা একজন প্রাক্তন খেলোয়াড়, নাকি কোচিং স্টাফের কেউ সেটা জানা যায়নি। ইংলিশ গণমাধ্যম বাডসের সাথে যোগাযোগ করলে তারা নিশ্চিত করেছে, পদকগুলো ট্রেবল মৌসুমের একটি আনুষ্ঠানিক সেট, তবে বিক্রেতা নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন।
এই সেটে রয়েছে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের পদক, যা ২০২৩ সালে সিটির জেতা তিনটি প্রধান ট্রফি। নিলামের তালিকা অনুযায়ী, প্রিমিয়ার লিগের পদকটি তার আসল বাক্সে রয়েছে এবং এর উল্টোদিকে চ্যাম্পিয়ন্স ২০২২/২৩ লেখা রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের পদকটিতেও একটি লেখা এবং আসল ফিতা রয়েছে, যা ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো মর্যাদাপূর্ণ ইউরোপীয় কাপ জয়ের প্রতীক। অন্যদিকে, এফএ কাপের পদকটির সাথে এর ফিতা এবং আসল ফিটেড কেসটি রয়েছে। এই সংগ্রহের সাথে আরও দুটি পদক রয়েছে, যেগুলো হল উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।
এই সেটের জন্য প্রাথমিক দর ৩০,০০০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন যে চূড়ান্ত মূল্য আরও অনেক বেশি বাড়বে। বাডস অনুমান করেছে, নিলামে পদকগুলো ৫০,০০০ থেকে ৮০,০০০ পাউন্ডের মধ্যে বিক্রি হতে পারে।







