উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর লড়াইয়ের পর বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় তুলেছে বার্সেলোনা। দুবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে জার্মান ক্লাবটি। তৃতীয়বার পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি নুরি সাহিনের শিষ্যরা।
জার্মান দলটির মাঠে বুধবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ ব্যবধানে জিতেছে হ্যান্সি ফ্লিকের বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনহা কাতালানদের এগিয়ে নেয়ার পর পেনাল্টি থেকে সমতা ফেরান সেরহাউ গুইরাসি। বদলি নামার চার মিনিটের মাথায় সফরকারীদের ফের লিড এনে দেন ফেররান তরেস। নিজের দ্বিতীয় গোলে আরেকবার স্কোরলাইন সমান করেন গুরাসি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন ফেররান তরেস।
এদিকে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি। একের পর এক ম্যাচে হতাশ করতে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগে হারল জুভেন্টাসের কাছে। তুরিনে পেপ গর্দিওলার দল হেরেছে ২-০ গোলে। জুভেন্টাসের জয়ে গোল দুটি করেছেন দুসান ভ্লাহোভিচ ও ওয়েসটন ম্যাককেনিয়ে।
রাতের অন্য ম্যাচে, মোনাকোকে ৩-০তে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। জয়ে টেবিলে তিনে উঠে এসেছে মিকেল আর্তেতার দল। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। আরেক ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। ১২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে মিলান।
বরুশিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। আসরের প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচ জয় তুলে নিলো হ্যান্সি ফ্লিকের দল। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮। ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ডর্টমুন্ড।
ছয় ম্যাচে দুই জয়, দুই ড্র ও দুই হারে ৮ পয়েন্ট ২২ নম্বরে আছে সিটি। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার শেষ ষোলোতে সরাসরি খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল তাদের। এমনকি লিগপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।







