ফুটবল

ছয় মৌসুমে পঞ্চমবার চ্যাম্পিয়ন গার্দিওলার ম্যানসিটি

Manchester City football team celebrating a goal during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Manchester City players celebrating on the field with fans in the background, showcasing team unity and excitement. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমের শুরু থেকে শীর্ষে বিচরণ করা আর্সেনাল শেষে এসে অধারাবাহিক হয়ে পড়ে। বিপরীতে পেপ গার্দিওলার ম্যানসিটি তুলতে থাকে টানা জয়। শিরোপা উল্লাস সিটিজেনদের অবধারিতই ছিল। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গানারদের হারে সেটাই একটু আগেভাগে হল। হ্যাটট্রিক লিগ শিরোপার সাথে ছয় মৌসুমে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলো ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যামের মাঠে শনিবার রাতে ১-০তে হেরে মাঠ ছেড়েছে আর্সেনাল। জয়ে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে টিকে থাকল নটিংহ্যাম। অন্যদিকে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা ধরে রাখল পেপ গার্দিওলার দল।

সবশেষ ২০০৩-০৪ মৌসুমে লিগ টাইটেল জিতেছিল আর্সেনাল। দেড়যুগের বেশি সময় পর শিরোপা জয়ের আশা জাগিয়ে শেষ মুহূর্তে হতাশ করেছে। মৌসুমের শুরু থেকে পয়েন্ট ব্যবধানে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও গত এপ্রিলে পথ হারায় মিকেল আর্তেতার দল। সেসময় থেকে টানা জয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে যায় ম্যানসিটি।

২০১৬ সালে সিটিজেনদের কোচ হয়ে গার্দিওলা আসার পর এ নিয়ে পাঁচবার শিরোপা জিতল ম্যানসিটি। গত একযুগে তারা সাতবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। চলতি মৌসুমে ট্রেবল জয়েরও সুযোগ আছে স্প্যানিশ কোচের। এফএ কাপের ফাইনালে তারা, সঙ্গে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে ম্যানসিটিতে সর্বজয়ী হবেন ৫২ বর্ষী এ কোচ।

আর্সেনাল লিগ শিরোপা জিততে না পারলেও প্রাপ্তির খাতা একেবারে খালি নয়। সবশেষ ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছিল গানার বাহিনী। এই প্রতিযোগিতায় সবমিলিয়ে ১৭ বার অংশগ্রহণ করার সুযোগ তৈরি করতে পারলেও শেষ ষোলো টপকাতে পারেনি একবারও। প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে হারলেও আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে দলটি।

লিগে এখন পর্যন্ত ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। দুই ম্যাচ বেশি খেলে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্তেতার দল। সমান ৩৬ ম্যাচ খেলে তাদের থেকে ১২ পয়েন্ট কম নিয়ে তিনে নিউক্যাসল ও চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিষয়:আর্তেতা আর্সেনাল ইপিএল পেপ গার্দিওলা ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…