ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল জিতেন্দ্র কুমার (২৬) নামে এক যুবক। এতে শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল তার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিল্লির এক হাসপাতালে তার মৃত্যূ হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, গত বুধবারের (২৫ ডিসেম্বর) ওই ঘটনায় তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল। ফলে বাঁচার আশা ছিল ক্ষীণ। যুবকের দেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জিতেন্দ্র কুমার উত্তরপ্রদেশের বাগপত জেলার বাসিন্দা ছিলেন। তার পরিবার জানিয়েছে, যুবক বিকম পাশ করে আইন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু গ্রামে প্রতিবেশীদের সঙ্গে অশান্তির কারণে পড়াশোনা এগোতে পারেননি। এমনকি, দিনমজুর হিসাবে কাজ করতেও বাধ্য হয়েছিলেন। সেই কারণেই যুবক আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যুবকের কাছ থেকে দু’পাতার যে সুইসাইড নোট পাওয়া গিয়েছিল, তা-ও অর্ধেক পুড়ে গিয়েছে। সেই লেখা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত ২৫ ডিসেম্বর বুধবার দিল্লিতে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে গায়ে পেট্রল ঢেলেছিলেন যুবক। তার পর তাতে আগুন ধরিয়ে দিয়েছিলেন। জ্বলন্ত দেহ নিয়েই সংসদ ভবনের দিকে ছুটে যাচ্ছিলেন তিনি। নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। দ্রুত পানি ঢেলে আগুন নেভানো হয়। তার পর যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামমনোহর লোহিয়া হাসপাতালে। সেখানে চিকিৎসার পর যুবকের মৃত্যু হয়েছে শুক্রবার।
তদন্তে করে পুলিশ জানায়, তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা চলছে আদালতে। সেই মামলাগুলিতে নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর পরিকল্পনা ছিল যুবকের। সেই কারণেই দিল্লিতে এসেছিলেন। কিন্তু কাজ হয়নি। গ্রামে অন্য একটি পরিবারের সঙ্গে তার পরিবারের ঝামেলা চলছিল, জানতে পেরেছে পুলিশ।








