বিনোদন

মাকে হারানোর শূন্যতা থেকে সুমনের গান, ভিডিওতে দিলারা জামান

এস আই সুমনের ‘মা’ গানে দিলারা জামান

মাকে হারানোর শূন্যতা থেকে সুমনের গান, ভিডিওতে দিলারা জামান

মাকে হারানোর শূন্যতা, স্মৃতি আর ভালোবাসা থেকে তৈরি হয়েছে সংগীতশিল্পী এস আই সুমনের নতুন গান ‘মা’। মা দিবস উপলক্ষে প্রকাশিত এই গানের মিউজিক ভিডিওতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

প্রস্তাব পাওয়ার পরই অভিনয়ে সম্মতি জানান তিনি। গানটির বিশেষত্ব, আট বছর ধরে অপেক্ষায় থাকা এই গানের সুর তৈরি হয়েছে মাত্র পাঁচ মিনিটে!

গানটির কথা লিখেছেন হেলাল চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন এস আই সুমন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ফয়জান আগুন। এতে আরও অভিনয় করেছেন ফারজানা ববি ও সুমনের ছোট ছেলে মীকাঈল।

গানটির পেছনের গল্পও আবেগঘন। ২০১৮ সালে নিজের মাকে হারানোর পর গানটির কথা লিখেছিলেন হেলাল চৌধুরী। পরে বন্ধু এস আই সুমনকে পাঠালেও নানা কারণে গানটি আর বাস্তবায়িত হয়নি। অন্যদিকে, ২০১৬ সালে নিজের মাকে হারানোর পর থেকেই মাকে নিয়ে গান করার ইচ্ছা ছিল সুমনের।

দীর্ঘদিন পর ২০২৬ সালের মা দিবসের কয়েক দিন আগে হেলাল চৌধুরীর কাছে গানটির কথা আবার চান সুমন। পুরোনো গানটি খুঁজে পাওয়ার পর গিটার হাতে বসে মাত্র পাঁচ মিনিটে সুর তৈরি করেন তিনি। গাইড ভয়েস রেকর্ড করে বন্ধুকে পাঠালে গানটি শুনে আবেগাপ্লুত হন গীতিকার। এভাবেই আট বছরের অপেক্ষার অবসান ঘটে।

মিউজিক ভিডিওতে দিলারা জামানকে মায়ের চরিত্রে পাওয়াকে বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে সুমন বলেন, তার মনে হয়েছে, তিনি যেন আবারও মায়ের সান্নিধ্য পাচ্ছেন।

ভিডিওতে সুমনের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে তার ছেলে মীকাঈল। ক্যামেরার সামনে এটাই তার প্রথম অভিনয়। পাশাপাশি গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের কাজও করেছে সে।

‘মা’ গানটির মধ্য দিয়ে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের আহ্বান জানিয়েছেন এস আই সুমন। তার প্রত্যাশা, মাকে হারানোর পর নয়, বরং মা বেঁচে থাকতেই সবাই যেন তার যত্ন নেন, সময় দেন এবং ভালোবাসার কথা জানান।

এস আই সুমনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে গানটির মিউজিক ভিডিও।

বিষয়:ইউটিউব এসআই সুমন দিলারা জামান মিউজিক ভিডিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…