দীর্ঘ ২৭ মাস পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে ডানহাতি তারকার দ্বিতীয় সেঞ্চুরি এটি। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার অদম্য প্রতিরোধে বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। ব্যাটে এমন দিনের পর শেষবেলায় বলে এসে দুই উইকেট, হাতে আছে দুদিন। সবমিলিয়ে এই টেস্টেও জয়ের সম্ভাবনা দেখছেন লিটন।
রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন। সেখানে বৃষ্টি এবং বাকি দুদিন নিয়ে কথা বলেছেন, ‘দেখেন, বৃষ্টি বিষয়টি তো আমাদের হাতে নেই, কিন্তু আমরা যদি আগামীকাল সকালে ভালো বল করি, যেকোনো কিছু হতে পারে।’
‘আর উইকেটে নতুন বলে ভালো সাহায্য পাওয়া যাবে, যদি আমরা দ্রুতই ভালো মোমেন্টাম নিতে পারি এবং ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসে, তাহলে আমরা ম্যাচে ফিরতে পারব।’
বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে খেলা হয়নি। পরেরদিনে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে লিটন ও মিরাজের দেড়শ পেরোনো প্রতিরোধ, পরে হাসান মাহমুদের সাথে লিটনের ৬৯ রানের জুটিতে ২৬২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতে ২ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। লিড তাদের এ পর্যন্ত ২১ রানের।








