মাঠে গড়িয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ডাম্বুলা সিক্সার্স ও ক্যান্ডি ফ্যালকনস। বাংলাদেশি দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান আছেন ডাম্বুলার স্কোয়াডে। উদ্বোধনী ম্যাচে দুজনকে নিয়েই একাদশ সাজিয়েছে দলটি।
পাল্লেকেলেতে বাংলাদেশ সময় রাত আটটায় গড়িয়েছে লড়াই। আসর শুরুর ম্যাচে টসে জিতে ডাম্বুলাকে আগে ব্যাটে পাঠিয়েছে ক্যান্ডি।
রোববার ফ্র্যাঞ্চাইজি আসরে খেলতে শ্রীলঙ্কায় পৌঁছান হৃদয় ও মোস্তাফিজ। একই ফ্লাইটে তাদের সঙ্গী হন তাসকিন আহমেদ। নিলাম থেকে তাসকিনকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে নেয় কলম্বো স্ট্রাইকার্স। ঢাকা এক্সপ্রেসের এটিই প্রথমবার এলপিএলে অংশগ্রহণ।
আইকন হিসেবে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে ডাম্বুলা সিক্সার্স। গত আসরে জাফনা কিংসের হয়ে খেলেছিলেন হৃদয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের অভিষেক রাঙিয়েছিলেন ফিফটিতে। ৬ ম্যাচে এক ফিফটিতে ১৩৫ স্ট্রাইকরেটে ১৫৫ রান করেছিলেন। এবার শেষ মুহূর্তে তাকে টেনেছে মোস্তাফিজের দল।







